সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি জনগণের সরকার, জনগণ বিএনপির সাথে আছে। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য জনগণকে সাথে নিয়েই কাজ করবে।’
বুধবার (৫ আগস্ট) বিকেলে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ঢাকা মোড়ের সামনে শোভাযাত্রা-পূর্ব সমাবেশে গণঅভ্যুত্থান দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের এই মাছ শিকার কোনো দিনই সফল হবে না। ‘৮৬ ও ‘৯৪ সালে স্বৈরাচারের সাথে যুক্ত হয়ে ওই দল আন্দোলন করেছে, এতে তাদের কী পরিণতি হয়েছে জনগণ জানে।’
মন্ত্রী বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের পাশাপাশি সুশাসন, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।’
রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এ দেশ অচিরেই স্বনির্ভর বাংলাদেশে পরিণত হবে।’
স্থানীয় বিএনপি উপজেলা সভাপতিসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিশাল শোভাযাত্রা বিরামপুর বাজার প্রদক্ষিণ করে।



