মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে, জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে এবং জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সাথে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, পৌর জামায়াতের আমির শামীম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচ্ছন্নতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত বাগেরহাট গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
তিনি সকল নাগরিককে নিজ নিজ বাসা, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানান।



