আহত ও শহীদ পরিবারকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিএনপি : হাসনাত

‘জুলাইকে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন তারাই জুলাইকে অস্বীকার করছে। জুলাইয়ের আহত ও শহীদ পরিবারকে ব্যবহার করে ক্ষমতায় এসে আজ সেই চেতনাকেই অস্বীকার করা হচ্ছে।’

Location :

Raipur
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ওসমান চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় হাসনাত আবদুল্লাহ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ওসমান চত্বরে এনসিপি আয়োজিত পথসভায় হাসনাত আবদুল্লাহ |নয়া দিগন্ত

হারুনুর রশিদ, রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিএনপি।

তার দাবি, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও দলটি এখন সেই আন্দোলনের চেতনা ও গণ-আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ওসমান চত্বরে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাইকে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন তারাই জুলাইকে অস্বীকার করছে। জুলাইয়ের আহত ও শহীদ পরিবারকে ব্যবহার করে ক্ষমতায় এসে আজ সেই চেতনাকেই অস্বীকার করা হচ্ছে।’

সংসদের কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের এনসিপির ছয়জন সদস্যের মাত্র ৬ মিনিটের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৫ মিনিট সময় লাগে।’

চট্টগ্রাম বিভাগের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘হাজারো মানুষ পানিবন্দী ও দুর্ভোগে রয়েছেন।’ ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশের ৭০ শতাংশ মানুষকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়।’ তার দাবি, জনগণের মতামত ও অংশগ্রহণকে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

তিনি আরো অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে সরকার সেখান থেকে সরে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র সংস্কার, জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।

পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় নেতা মাহবুব আলমসহ দলের অন্যান্য নেতারা। এ সময় জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ।