খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন খুলনার সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানিয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা: শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬ এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী তিন বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
খুলনা ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ২০১৩ সালে মেয়র নির্বাচিত হন। ওই বছরের ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে মামলায় মনিকে অভিযুক্ত করা হয়। ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি জামিন নিয়ে কিছুদিন মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি ২০২৪ সালের অক্টোবরে মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর ইউনিটের আহ্বায়ক হন।



