বলেশ্বর নদীর মোহনায় ট্রলার থেকে জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের মাছ ধরার ট্রলার থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

Location :

Patharghata
মাছ ধরার ট্রলার থেকে পেড়ে জেলে নিখোঁজ হয়েছেন
মাছ ধরার ট্রলার থেকে পেড়ে জেলে নিখোঁজ হয়েছেন |ফাইল ছবি

বঙ্গোপসাগরের বলেশ্বরের মোহনায় মাছ ধরার সময় এফবি মায়ের দোয়া ট্রলার থেকে পড়ে শাহিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে কোনো এক সময় ট্রলারে থাকা অন্য জেলেদের অগোচরে তিনি ট্রলার থেকে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ শাহিন মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের ভাইজোড়া এলাকার আলম মিয়া ছেলে। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী এলাকার ফুল মিয়ার মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারে ছিলেন।

জানা গেছে, ট্রলারটিতে মোট দশজন জেলে ছিলেন। বঙ্গোপসাগরের মোহনা এলাকায় অবস্থানকালে হঠাৎ ট্রলার থেকে পড়ে যান শাহিন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে ট্রলারে থাকা অন্য জেলেরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

নিখোঁজ শাহিনের স্বজনরা জানান, সাগরে পড়ে যাওয়ার পর থেকে তার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাকে জীবিত উদ্ধারের আশায় পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন।

ট্রলার মালিক ও মাঝি ফুল মিয়া জানান, রাতে জাল ফেলে ট্রলারে থাকা সবাই ঘুমিয়ে পড়েন। সকালে জাল টানার সময় সবাইকে ডাকাডাকি করলেও শাহিনকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ট্রলার থেকে শাহিন পড়ে যান।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়। নিখোঁজের খবর আমরা পেয়েছি। খোঁজখবর নিচ্ছি।‘

এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডারকে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পাথরঘাটা থানা ওসি মো: আবদুল আলীম বলেন, ‘এ বিষয়ে আমরা জানতে পেরেছি। যেহেতু নিখোঁজ জেলের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়, আমরা খোঁজখবর নিচ্ছি।’