চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর পুকুর থেকে মো. আবির হোসেন নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে শিশুটির বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১টার দিকে নিখোঁজ হয় আবির।
আরিব উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া চরারকুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় একটি নুরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। আর সে যে পুকুরে ডুবে যায়, ওই পুকুরটির মালিক তাদেরই বাড়ির শফি ড্রাইভার।
স্থানীয়রা জানায়, শিশু আবিরকে হঠাৎ দেখতে না পেয়ে দুপুর ১টা থেকে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার ও স্বজনেরা। একপর্যায়ে প্রায় ৪ ঘণ্টা পর বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।
খৈয়াছরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার পাশের বাড়ির আনোয়ারের ছেলে নিখোঁজের পর পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রাত ১০টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।



