অনুদানের টাকা আত্মসাৎ অভিযোগে কথিত সাংবাদিককে গণধোলাই, পুলিশে সোপর্দ

জেলার ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ছয়জন অসহায় পরিবারের মাঝে টিনসহ ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক
গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক |নয়া দিগন্ত

গরিব ও অসহায় পরিবারের জন্য সরকারের দেয়া বাড়ি নির্মাণ অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে নীলফামারীর ডোমারে এক টিকটকার ও কথিত সাংবাদিককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীদের চারটি চেক।

রোববার (৮ মার্চ) দুপুরে জেলার ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ছয়জন অসহায় পরিবারের মাঝে টিনসহ ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অভিযোগ রয়েছে, অনুদান পাওয়ার পরপরই ওই সকল পরিবারের কাছ থেকে চেক কেড়ে নেন কথিত সাংবাদিক আবরার হোসেন আলভী। এ ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা। বিকেলে তাকে উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করে ডোমার থানা পুলিশ।

ভুক্তভোগীরা জানান, সরকারি অনুদান পাওয়ার আগেই আলভী তাদের সাথে চুক্তি করেন। অনুদান পাওয়ার পর তাদের কাছ থেকে ছয় হাজার টাকার চেক নিয়ে নেন তিনি।

আলভী জানান, অনেকেই আবেদন করে কোনো সহযোগিতা পায়নি। যারা বঞ্চিত হয়েছে তাদের কিছু সহযোগিতা দিতেই চেকগুলো নেয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ‘অফিস থেকে নিয়ম অনুযায়ী চেক ও টিন হস্তান্তর করা হয়েছিল। পরে কার্যালয়ের বাইরে গিয়ে ভুক্তভোগীরা সেই চেক ওই ব্যক্তিকে দিয়েছেন বলে জানা যায়। পরে চেকগুলো উদ্ধার করে আবার ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।’