রাসিকের আড়াই লাখ গাছ লাগানোর পরিকল্পনা

শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

Location :

Rajshahi
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন রাসিক প্রশাসক  মাহফুজুর রহমান রিটন
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন |নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী নগরজুড়ে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে। নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

নগরবাসীর প্রতি বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করি। সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করতে হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান।

এছাড়া রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।