ফরিদপুরের সালথায় অবৈধভাবে তেল বহনের অভিযোগে মিকাইল হোসেন (২১) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: দবির উদ্দিন অভিযান চালিয়ে তাকে এ অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে একটি ট্রলি গাড়িতে ৩২০ লিটার ডিজেল বহন করছিলেন দুই ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায়, তারা সালথার মনোয়ারা ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করেছিলেন।
অভিযানে তেল বহনকারী মিকাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে জব্দ তেল পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: দবির উদ্দিন বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য সচেতন মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’



