কক্সবাজারের ঈদগাঁওতে নুরুল হক (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের জাগির পাড়ার একটি বন্ধ দোকান ঘরের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দোকানের বাহিরের সিলিংয়ের সাথে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ঈদগাঁও থানার এসআই আশরাফের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, নুরুল হক একাধিক বিয়ে করেছিলেন। পারিবারিক কলহের কারণে কিছুদিন এলাকার বাহিরে থাকলেও সম্প্রতি প্রথম পক্ষের ছেলেদের কাছে ফিরে আসেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, লাশ উদ্ধারের পর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আর্থিক অনটন ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



