টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন। দুর্গত পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে আসার অপেক্ষা না করে তাদের বাড়িতেই পৌঁছে দেয়া হচ্ছে শুকনো খাবারসহ জরুরি ত্রাণসামগ্রী।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার উপকূলীয় রায়পুর, জুঁইদণ্ডী ও বারখাইন ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিন উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে জুঁইদণ্ডী, রায়পুর, বারখাইন, বৈরাগ ও বারশত ইউনিয়নের দুর্গত পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম সম্পন্ন করা হবে।
সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলার ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
ইউএনও মহিন উদ্দিন বলেন, ‘বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।’



