জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামীর লড়াই হবে শাসক আর শাসিতের মধ্যে, ন্যায় ও অন্যায়ের লড়াই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে।’
তিনি বলেন, ‘এক পক্ষ দেশে নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু করেছে। এসব চাঁদাবাজি ও দখলের রাজনীতি করা দল ও মানুষকে আগামী দিনের সব নির্বাচনে ভোট দেয়া থেকে সকলকে বিরত থাকতে হবে। চাঁদাবাজ দখলদারদের ভোট দেবেন না।’
শুক্রবার (১০ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পথযাত্রা শেষে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরো বলেন, ‘বাবা-দাদা কোনো দল বা প্রতীককে ভোট দিয়েছে বলে আমাদেরও দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা ন্যায়-ইনসাফের পক্ষে থাকব, জুলুম-অত্যাচারের বিপক্ষে থাকব। আমরা ভুল করলে আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, আমরা মাথা পেতে নেব।’
তিনি বলেন, ‘আমাদের রাজমিস্ত্রির ছেলে হাসনাত আবদুল্লাহ যথাযথ যোগ্যতার সাথে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছে, তাই কাউকে ছোট ভাবার কোনো কারণ নেই। তাই কে কার ছেলে সেটা নয়, সৎ ও যোগ্য মানুষ দেখে ভোট দিতে হবে। খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামি।’
সারজিস আলম নাটোর পৌরসভার আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী, দলের নাটোর জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফকে ভোট ও সহযোগিতা দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় তিনি দেশের সকল মানুষকে দলমতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন—কেন্দ্রীয় নেতা কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মোস্তাফিজ ও সানোয়ার তুষার প্রমুখ।
সমাবেশে বিশেষ অতিথি ড. আতিক মুজাহিদ এমপি ও সানোয়ার তুষার জুলাই আন্দোলনে নির্যাতনকারী পাবনার সাঁথিয়া-বেড়া আসনের সাবেক এমপি অধ্যাপক আবু সাঈদকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে কাছে টানার জন্য পাবনা সদরের বিএনপির বর্তমান এমপি শিমুল বিশ্বাসের কঠোর সমালোচনা করেন।



