মুন্সিগঞ্জের লৌহজেং সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর দুর্বৃত্তরা নিহতের মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে সোহেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে বুধবার (১৭ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মরহুম ইসমাঈল মুন্সীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে সোহেল মুন্সী নিজ ঘরে ঘুমাতে যান। পাশের ঘরে ছিলেন মা, স্ত্রী ও সদ্য জন্ম নেয়া সন্তান। দিবাগত রাত ২টার দিকে বাড়ির উঠানে বিকট শব্দ ও আগুন জ্বলতে দেখে নিহতের মা ও স্ত্রী ঘর থেকে বের হয়ে আসেন। তারা দেখতে পান যে উঠানে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি জ্বলছে এবং কিছু দূরে সোহেল মুন্সীর রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতিকারীরা সোহেলকে ঘুম থেকে ডেকে ঘর থেকে বের করে আনে। এরপর বাড়ির উঠানেই ধারাল অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। একপর্যায়ে সোহেলের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয় হত্যাকারীরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম নয়া দিগন্তকে জানান, খবর পেয়ে ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সোহেল মুন্সীর লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে ধারাল অস্ত্রের আঘাত ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলার প্রক্রিয়াধীন রয়েছে।



