খাগড়াছড়ি জেলা পরিষদের সব নিয়োগ স্থগিত

পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো: আসাদ উল্লাহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীন সব দফতরের নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন।

Location :

Khagrachari
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ |ফাইল ছবি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীন সব নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নম্বর ১০০৩৯/২০২৫ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ির অধীনস্থ সব নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে প্রাপ্ত আবেদনপত্রের মর্মানুযায়ী সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো: আসাদ উল্লাহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীন সব দফতরের নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। পরিষদের অধীন বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিভিল সার্জনের কার্যালয়, জেলা গ্রন্থাগার ও সমাজ সেবা অধিদফতরে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি ও পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে কোটাসংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় গত বছরের ৩১ জুলাই তিনি হাইকোর্টে এ রিট পিটিশন দায়ের করেন।

পরে তিনি রিট পিটিশনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিষদের অধীন সব নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। এরই ধারাবাহিকতায় মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি জারি করে।