চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় তদারকি অভিযানে মৌসুমী ফুড বেকারিতে ব্যবহৃত ডালডার ড্রামের ভেতর মৃত ইঁদুর পাওয়া গেছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ও পাউরুটি নতুন মোড়কে পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে একই মালিকের দু’টি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
অভিযান সূত্রে জানা যায়, দৌলতদিয়াড়ে অবস্থিত মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্টে তদারকির সময় বেকারিতে ব্যবহৃত ডালডার ভেতর মৃত ইঁদুর পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার এবং আগাম বেকারি পণ্য প্রস্তুত করে পরবর্তীতে চলতি তারিখ উল্লেখ করার প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো: সাইদুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে অনন্যা ফুড প্রোডাক্ট নামের আরেকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন মোড়কে পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দু’টি প্রতিষ্ঠানই একই মালিকানাধীন।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘ডালডার মধ্যে মৃত ইঁদুর পাওয়া, মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুন মোড়কে প্যাকেটজাতসহ বিভিন্ন অনিয়মের কারণে একই মালিকের দুই প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি জানান, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে হোটেল, সেমাই ও মসলা মিলেও তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



