গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহেদা আহমেদ (৫০) নামে এক নারী কলেজ অধ্যক্ষ’র মৃত্যু হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
নিহত শাহেদা আহমেদ শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। তিনি ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন।
নিহতের স্বামী জসিম উদ্দিন জানান, ঈদের ছুটিতে তার স্ত্রী শাহেদা গাজীপুর গ্রামের বাড়িতে আসেন। গত বুধবার (২৫ মার্চ) রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হন তিনি। মুহূর্তেই তার স্ত্রীর পুরো শরীরে আগুন লেগে যায়। স্বজন ও প্রতিবেশীরা অল্প সময়ের প্রচেষ্টায় আগুন নেভায়।
তিনি আরো জানান, তার স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে চিকিৎসাধীন রাখেন। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু খবর পেয়েছি। এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



