জামালপুর সদর উপজেলার লাহিড়িকান্দি বাজার-সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এক সহকারী জজ নিহত হয়েছেন। এই ঘটনায় সহকারী জজের গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর আনুমনিক ৪টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল হক নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার, রায়পুর ইউনিয়নের চিছড়াকান্দা গ্রামে বাসিন্দা পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম ফজলুল হক (কাশেম)-এর ছোট ছেলে জানা গেছে। তিনি জামালপুর জজ আদালতের ইসলামপুর কোর্টের সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লাহিড়িকান্দি বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রড-ভর্তি একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি প্রিমিও প্রাইভেটকার সজোড়ে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘনায় ঘটনাস্থলেই নিহত হন সামিউল হক। আহত প্রাইভেটকারচালককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি রোববার দিবাগত রাতে ঢাকা থেকে জামালপুরের কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কর্মরত চিকিৎসক সহকারী জজ সামিউল হকে মৃত ঘোষণা করেন।



