প্রতিবছরের ন্যায় এবারো সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং শাহী ঈদগাহের মোতাওয়াল্লী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সমন্বয়ে সার্বিক প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নামাজ আয়োজনের প্রস্তুতি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরো জানান, মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার আরো আগেভাগেই প্রস্তুতি নেয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ঈদগাহ মাঠের সংস্কার, রং করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সমন্বয়ে সার্বিক প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নামাজ আয়োজনের প্রস্তুতি বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত তাকওয়া যেন মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়। হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং ইসলামের শান্তির শিক্ষা ধারণ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশ সবার। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতিময় পরিবেশ গড়ে তুলেই আগামী দিনের পথে এগিয়ে যেতে হবে- এটাই আমাদের প্রত্যাশা।
মন্ত্রী জানান, এবারের ঈদ জামাতে বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী অংশগ্রহণ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো: সারওয়ার আলম, শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।



