বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল বৃহত্তর বিরোধী দল। আগামী দিনে সরকারি দল ও বিরোধী দল যৌথভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘সাতকানিয়া লোহাগড়াতে আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বীতা করেছেন আমি নির্বাচিত হয়ে ফুল নিয়ে তার বাড়িতে গিয়েছি। তার সহযোগীতা চেয়েছি।’
রোববার (৮ মার্চ) খাগড়াছড়ি পৌড় ঈদগাহ মাঠে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, ‘৩৬ জুলাই বিপ্লবের মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের মুক্তির জন্য ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিরোধীদল সংসদে ভূমিকা রাখবে।’
এ সময় তিনি নতুন বাংলাদেশ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সরকারি দলকে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধান অতিথি পবিত্র মাহে রমজানে রোজাদারদের তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘রোজা কবুল হওয়ার একটিমাত্র শর্ত। তা হলো— হারাম খাদ্য ও হারাম কাজ থেকে বিরত থেকে হালাল গ্রহণের মাধ্যমে রোজা রাখলে আল্লাহ তায়ালা তাকওয়া অর্জনের ক্ষেত্রে রহমত করবেন।’
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: ইউসুফের সঞ্চালনায় জেলা আমির সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন বান্দরবান জেলা আমির এ এস এম আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে জামায়াত মনোনীত প্রার্থী এয়াকুব আলী চৌধুরী অভিযোগ করেন, নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। ইঞ্জিনিয়ারিং করে জামায়াতসহ ১১ দলকে পরাজিত করা হয়েছে। এ সময় তিনি নির্বাচনকালীন সময়ে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় এ আসনের চাকমা, মারমা, ত্রিপুরা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর বর রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, এনসিপির জেলা আহ্বায়ক নুরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জব্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সাত্তার, জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, চাকরিজীবী, সমাজকর্মী জনপ্রতিনিধিসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।



