জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর ইছগাঁও এলাকায় কাটাগাঙ্গের ওপর গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের ওপর পাটাতনগুলো প্রায় সময় পৃথক হয়ে যায়। কয়েকদিন পরপরই পাটাতনগুলো খুলে গিয়ে যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। ২০২২ সালে সিমেন্ট বোঝাই ট্রাক ব্রিজ পারাপারের সময় ব্রিজটি ভেঙে নদীতে পড়ে চালকসহ দু’জন নিহত হন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটির পাটাতনগুলো সরে গিয়ে ফাঁকা হয়ে গেছে। ব্রিজটি জোড়াতালি দিয়ে চালানো হলেও দিন দিন দুর্বল হয়ে পড়ছে। প্রতিদিন ঢাকাগামী ও ঢাকা থেকে সুনামগঞ্জগামী শতাধিক বাস যাত্রীদের নিয়ে ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ১০ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধ রয়েছে। নিষেধ অমান্য করে প্রতিদিন ১০ টনের অধিক ট্রাক ও ভারী যানবাহন চলাচল করছে। যানবাহন চলাচলের সময় নড়বড়ে শব্দ হতে থাকে। এতে যাত্রীরা আতঙ্কের মধ্যে থাকেন। প্রায় সময় যানবাহনগুলো ব্রিজে আটকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা মানুষের দুর্ভোগ পোহাতে দেখা যায়। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ দিয়ে মানুষজন চলাচল করছেন।
যে কোনো সময় আবারো এ ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে কাটাগাঙ্গের ওপর নতুন ব্রিজ নির্মাণের দাবি করে আসছেন জগন্নাথপুর উপজেলাবাসী।
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা জানান, কাটাগাঙ্গের ওপর নতুন ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এ ব্রিজ দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। যে কোনো সময় বেইলি ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তিনি দ্রুত ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
ব্রিজটির বিষয়ে জানতে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে রিসিভ হয়নি।



