মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শনিবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় তাকে দেখতে পান।

‎মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
নিহত মো: রাসেল হাওলাদার
নিহত মো: রাসেল হাওলাদার |নয়া দিগন্ত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো: রাসেল হাওলাদার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম।

নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার পর রাসেল হাওলাদার বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় তাকে দেখতে পান। পরে খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম জানান, গতকাল গভীর রাতে রাসেল ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় অপমুত্যৃর মামলা হয়েছে।