বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ শহীদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ আবদুল্লাহ (২৫) নামে আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) দুপুরে শীলকূপ ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শহীদ ও আহত আরিফ আবদুল্লাহ দু’জনেরই বাড়ি কক্সবাজারে বলে জানা গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নাপোড়া বাজারের উত্তর পাশে এসআই জামাল হোসেনের নেতৃত্বে পুলিশের চেকপোস্টে সঙ্কেত দেয়া হলে মোটরসাইকেলটি না থেমে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি উদ্ধার করা হলে সেখানে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাসহ ব্যাগটি উদ্ধার করে পুলিশ মোটরসাইকেলটিকে ধাওয়া করে।
দ্রুতগামী মোটরসাইকেলটি পুলিশের ধাওয়া খেয়ে টাইমবাজার টু গন্ডামারা রোড়ে ঢুকে গেলে সড়কের গতিরোধকে ধাক্কা লাগে। এতে দুই আরোহীই গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে মোহাম্মদ শহীদের মৃত্যু হয়। আহত আরিফ আবদুল্লাহও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় এসআই জামাল হোসেন আহত আরিফ আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
এসআই জামাল হোসেন জানান, ইয়াবাসহ ব্যাগটি পাওয়ার পর আমরা তাদের গ্রেফতারের চেষ্টা করব এটাই স্বাভাবিক। আমরা টাইমবাজার পর্যন্ত তাদের ধাওয়া করেছি। ওখান থেকে কনস্টেবল ওয়াসিমসহ অন্যরা গন্ডামারা সড়কে তাদের পিছু নেয়। অভিযুক্ত ব্যক্তিরা তাদের দ্রুতগতির কারণেই সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, মোটরসাইকেলের দ্রুতগতির কারণেই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। পুলিশের চেকপোস্টে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেইসাথে আহত আরিফ আবদুল্লাহর নামে মামলা দায়ের করা হয়েছে।



