ঈদের দিনে ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিঁচা বান্ডারির মোড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২০) ও রীতি আক্তার (৮)। রীতি আক্তারের পরিচয় জানা যায়নি। নিহত দু’জনই অটোরিকশার যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তারাকান্দার খিঁচা বান্ডারির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়া মারা যান। গুরুতর আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রীতি আক্তার নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর রীতি আক্তার নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দু’জন হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তি দু’জনের একজন নিহত রীতির বাবা এবং অপরজন রীতির ভাই বলে জানান তিনি।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলে নিহত রুবেল মিয়ার লাশ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



