লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশের সুপারি বাগানের বালুর স্তুপ থেকে প্রবাস ফেরত ব্যাটারিচালিত অটোরিকশা চালক সোহাগ হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী বাড়ির সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। তিনি এক বছর আগে বিদেশ থেকে এসে অটোরিকশা চালাচ্ছেন।
এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে নিখোঁজ হন সোহাগ।
সোহাগের ভাই ও মা জানান, ঘটনার দিন সকালে সোহাগ ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের সাথে কারো কোনো বিরোধ নেই। কে বা কারা তাকে খুন করেছে বলতে পারছি না। তবে সে অনলাইনে জুয়ায় আসক্ত ছিল। এ কারণে হয়ত তাকে হত্যা করে পার্শ্ববর্তী এলাকার সুপারি বাগানের ভেতরে বালুর স্তুপে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা করছি।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, অটোরিকশা চালক সোহাগের লাশ তাদের বাড়ির পাশের সুপারি বাগানের বালুর স্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। লাশের গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি ও ঘাতকদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।



