মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের অটোরিকশা চালক রফিক মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে অটোরিকশা চালক, নিহতের পরিবার ও এলাকাবাসী।
রোববার (২৯ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, অটো ও রিকশাচালক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অভিযুক্ত তিনজন হলো— রিপন, সজিব ও আরমান। তারা নিহত রফিকের বন্ধু।
মানববন্ধনে বক্তব্য রাখেন বানিয়াজুরী রিকশাচালক কল্যাণ সমিতির সভাপতি হারান মিয়া, সাধারণ সম্পাদক আসলাম মিয়া, নিহত রফিকের ভাই আরিফ প্রমুখ।
বক্তারা হত্যাকারী রিপনসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পাছবারইল এলাকার কালীগঙ্গা নদী থেকে মাথাবিহীন রফিক মিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এ ঘটনায় নিহত অটোরিকশা চালক রফিক মিয়ার তিন বন্ধু রিপন, সজিব ও আরমানকে গ্রেফতার করা হয়েছে। তারা হত্যার কথা স্বীকার করেছে।



