সিলেট ছেড়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো: সারওয়ার আলম। বিদায়ের আগে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে শাহজালালের মাজারের ফান্ডে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করে নজির স্থাপন করেছেন। ৭০০ বছরের ইতিহাসে প্রথম মাত্র সাড়ে ৩ দিনে মাজারের দান বাক্সের দানের টাকা প্রকাশ্য গণনার পর নিজের ব্যক্তিগত পক্ষ থেকে দান করে আরেক নজির স্থাপন করেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
এদিকে মঙ্গলবারও সিলেট নগরীর বিভিন্ন স্থানে ডিসি সারওয়ারের প্রত্যাহারের আদেশ বাতিল ও স্বপদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
সিলেট ছাড়ার আগে মঙ্গলবার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
জেলা প্রশাসন সূত্র জানায়, দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন ত্যাগ করে বিমানবন্দরের দিকে রওনা দেন। পরে দুপুর ২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকার পথে রওয়ানা দেন। এর আগে, সোমবার বিকেল ৫টার দিকে তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দায়িত্ব ছাড়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, শাহজালাল মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে আরো পাঁচ লাখ টাকা দিয়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো: সারওয়ার আলম। তিনি সোমবার এই ফান্ডের সাথে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে জমা দেন।
সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব বলেন, ‘শাহজালাল (র.) -এর নামে মাজারের সোনালী ব্যাংক হিসাবে ডিসি স্যার ১৭ লাখের সাথে আরো পাঁচ লাখ টাকা দিয়েছেন। এটা সহ বর্তমানে টাকার পরিমাণ ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ জন। এটা ওই সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্টেই জমা হয়েছে।’
উল্লেখ্য, গত রোববার সরকার মো: সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। সিলেট থেকে প্রত্যাহারের পর পরই রোববার সারওয়ার আলম জানিয়েছিলেন, সোমবার তিনি মন্ত্রণালয়ে যোগ দেবেন। তবে মঙ্গলবার তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের কথা রয়েছে।



