অবৈধ বালু উত্তোলন বন্ধে রোববার রাতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই ব্রিজের নিচে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের উপর হামলা চালায় স্থানীয়রা।
এই ঘটনায় চারজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন কোম্পানীগঞ্জের কলাবাড়ী এলাকার মো: তেরা মিয়া (৫৫), দক্ষিণ কলাবাড়ীর মো: মাসুক (৪৫), উত্তর কলাবাড়ীর মো: গিয়াস (৩০) ও পারুয়া মাঝপাড়া এলাকার মো: মিসছবাহ উদ্দিন (২০)।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ধলাই ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়। ট্রাক্টর জব্দের পর বালু উত্তোলনের সাথে জড়িত প্রায় ২০০ থেকে ৩০০ লোক একত্র হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এ ঘটনায় চারজন কর্মচারী আহত হন। তবে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) অক্ষত ছিলেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় চারজনকে আটক করে ১ বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’



