পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিগত নির্বাচনে ওই আসনের (পিরোজপুর-২ আসন) জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী।
তিনি বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। হামলা-মামলা, জুলুম-নির্যাতন করে ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারে নাই। নব্য ফ্যাসিস্টরাও টিকতে পারবে না। প্রশাসনের উচিত অতীত থেকে শিক্ষ নিয়ে ভবিষ্যৎ পথ চলা।
যুবদলের হামলার শিকার হয়েছেন- ভাণ্ডারিয়া পৌর জামায়াতের সেক্রেটারি মো: আনোয়ার হোসেন ও ধাওয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: নাছির উদ্দিন।
আহতদের সূত্রে জানা গেছে, রোববার সকালে তারা ভাণ্ডারিয়া উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে যান। সেখানে উপজেলা উপজেলা নির্বাহী অফিসারে সভায় একটি বিষয় নিয়ে জামায়াত নেতাদের সাথে উপজেলা যুবদলের সদস্যসচিব এইচ এম শামীম ও বিএনপি নেতাদের সাথে মতবিরোধ ও কথা কাটাকাটি হয়। সভা শেষে জামায়াত নেতারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বের হলে তাদের ওপর যুবদরের নেতাকর্মীরা দুই দফা হামলা করেন। এতে ওই দুই জামায়াত-নেতা রক্তাক্ত হন। পরে ঘটনাস্থলে পুলিশের সহযোগিতায় তারা ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এ ঘটনার প্রতিবাদে আজ আসর বাদ উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে ভাণ্ডারিয়া শহরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।



