সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে (৩৮) আটক করা হয়।
পরে আটক গণির তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আটক ডাকাত ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সাথে ডাকাতি ও ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আমরা দস্যুদের উদ্দেশে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।



