নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) ভোরে সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বন্দরের শাহী মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু’জন হলেন— বন্দরের রেলী আবাসিক এলাকার মো: বাবুলের ছেলে গোলাম মোস্তফা (২০) ও মরহুম ফজু মিয়ার ছেলে মো: মাসুম (২০)। বুধবার তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, বুধবার ভোররাত ৩টার দিকে সাত-আটকজনের একটি সশস্ত্র ডাকাতদল বন্দরের শাহী মসজিদ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে গোলাম মোস্তফা ও মাসুমকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। পরে গ্রেফতারদের কাছ থেকে রামদা ও লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে বন্দর থানার এএসআই সৈয়দ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি পাঁচ-ছয়জন পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে।



