জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এটি ইসলামের জন্য উর্বর ময়দান হিসেবে গড়ে তুলতে হবে যুবকদের। আজকের ইসলামী আন্দোলনে আমাদের সংখ্যা কোনোভাবেই কম নয়। তবে আল্লাহর উপর ভরসা করে সমাজের দায়বদ্ধতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুবকরাই দাঁড়িপাল্লায় ব্যালট বিপ্লব করবে।’
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘পতিত হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, অথচ আজ তারাই রাজনীতির মাঠে নিষিদ্ধ হয়ে গেছে। আগামীর নির্বাচনে নৌকা থাকবে না, হাসিনাও আর ফিরবে না।’
তিনি বলেন, ‘প্রতিটি মানুষের কাছে গিয়ে আমাদের কথা পৌঁছে দিতে হবে। সমাজের মানুষের জন্য কাজ করে দাঁড়িপাল্লায় জোয়ার তুলতে হবে। এখান থেকে মন্ত্রী হয়ে যারা টাকা পাচার করেছে তারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। অথচ জামায়াত যোগ্য নেতৃত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। চট্টগ্রাম-১৩ আসনে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে কাঙ্ক্ষিত সাফল্য আসবে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত সংসদ পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।
তিনি বলেন, ‘স্বাধীনতার পরও এদেশের মানুষ কাঙ্ক্ষিত মুক্তি পায়নি। যুবকরাই ফ্যাসিবাদকে পরাজিত করেছে। আবার কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে যুবকেরা তা সমূলে ধ্বংস করবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এবং সেই বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে যুবকরাই।’
প্রধান বক্তা হিসেবে দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক বলেন, ‘জামায়াত প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী বুলেটের সামনে দাঁড়িয়ে ইসলামি আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। এ আন্দোলন কখনো থেমে থাকেনি, ভবিষ্যতেও থামবে না। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে জামায়াত আগামীর বাংলাদেশ উপহার দেবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গণি এবং সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সভাপতি আতিক জামালী।
এ সময় দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাছের, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির মাস্টার মুনির আফসার চৌধুরী, আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি (বাইতুল মাল) মাস্টার শহীদুল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ উদ্দীনসহ উপজেলা ও যুব বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।



