ঢাকার বংশালে ভূমিকম্পে ধসে পড়া বহুতল ভবনের নিচে চাপা পড়ে নিহত স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫২তম ব্যাচের রাফিউল ইসলামের (২৩) রাফির জানাজা শেষে বগুড়ায় দাফন করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাফির লাশ ঢাকা থেকে তার দাদাবাড়ি বগুড়া শহরের গোহাইল রোড, সূত্রাপুর নেয়া হলে তার আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন।
পরে বাদ জোহর বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের আগে জামায়াতের বগুড়া সদর আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ তার আত্মীয়স্বজন বক্তব্য দেন। পরে তাকে বগুড়া শহরের নামাজগড় গোরস্থানে দাফন করা হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে রাফির মাকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। জানাজা নামাজ শেষে ছেলের লাশ নেয়া হয় হাসপাতালে অসুস্থ মায়ের কাছে। এ সময় ছেলের লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেলেন মা। তখন যেন ভারী হয়ে উঠে চারপাশ!



