গাজীপুর সাফারি পার্কে ২ হাতির মৃত্যু

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দু’টি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাতি দু’টিকে পার্কের ভেতরে মাটিচাপা দেয়া হয়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুর সাফারি পার্ক
গাজীপুর সাফারি পার্ক |সংগৃহীত

গাজীপুর সাফারি পার্কে হাতিদের মারামারিতে আহত হাতি রাজু বাহাদুর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছে। এছাড়াও ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে অপর একটি হাতির মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে দুই হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

গত শুক্রবার সকালে দীর্ঘদিন আহত রাজু বাহাদুর নামের হাতিটি পার্কের হাতিশালায় মারা যায়। এর আগের দিন বৃহস্পতিবার রাতে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আরেকটি হাতি মারা যায়।

পার্ক কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ২৪ মে পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর হামলা চালায় ৪ বছর বয়সী হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙে যায়। এরপর হাতিটির চিকিৎসায় গঠন করা হয় মেডিক্যাল বোর্ড, পাশাপাশি থাইল্যান্ড থেকে আনা হয় বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ ছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদেরও পরামর্শ নেয়া হয়। তবে গত শুক্রবার হাতিটির মৃত্যু হয়।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দু’টি হাতির মৃত্যুর পর এগুলোর দেহের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হাতি দু’টিকে পার্কের ভেতরে মাটিচাপা দেয়া হয়। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।

উল্লেখ্য, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল নয় বছর। গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা অবস্থায় জয়িতা নামের অপর একটি হাতি রাজু বাহাদুরের ওপর হামলা চালায়, যাতে সে মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পায়। পরে এক্স-রে করে পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।

আশঙ্কাজনক হাতিটির চিকিৎসায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয় ও শ্রীলঙ্কার চিকিৎসকদলের পরামর্শও নেয়া হয়। এ ছাড়া দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিক্যাল বোর্ডের নিয়মিত তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলে। গত শুক্রবার সকালে পার্কের হাতিশালায় হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।