নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে বিদেশী একটি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে ।
বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- লাভরাপাড়া গ্রামের সরজু মিয়ার ছেলে আবু হানিফ (৩২) ও ঠাকুরবাড়িরটেক গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা(২০)।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় মাদকারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে।
উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২৮১ বোতল ফেন্সিডিল, দুইশত পিস ইয়াবা টেবলেট, এক কেজি গাঁজা, দশগ্রাম হেরোইন। এসময় মাদকবহনকারী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-২৩৩৮) জব্দ করা হয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত মাদককারবারিদের উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযানের সময় মাদক কারবারি ও তাদের সমর্থিতরা যুবদলের নেতাদের উপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়।
একপর্যায়ে মাদক কারবারির অন্য সদস্যরা কয়েকরাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
হামলায় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা খায়রুল আলম, রতন মিয়া, সুমন আহম্মেদ, সালাউদ্দিন, ইমন হাসান আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আহসান হাবিব বাদী হয়ে আবু হানিফ ও ইউসুফ মিয়াসহ ছয়জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



