নারায়ণগঞ্জ-৩ আসনে ঝুঁকিপূর্ণ ৭০ শতাংশ ভোট কেন্দ্র

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Narayanganj
নারায়ণগঞ্জের ম্যাপ
নারায়ণগঞ্জের ম্যাপ |ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনের বেশিরভাগ ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এ আসনে ২১০টি কেন্দ্রের মধ্যে ১৪৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ তালিকায় রাখা হয়েছে। যা প্রায় ৭০ শতাংশ। ফলে সোনারগাঁও উপজেলায় পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে।

সোনারগাঁও উপজেলায় ১৪৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৯টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে সিদ্ধিরগঞ্জ অংশে ৬৭টি কেন্দ্রের মধ্যে ৩৮টি ঝুঁকিপূর্ণ। নির্বাচনী এলাকায় মোট ৬৩টি কেন্দ্রকে সাধারণ হিসেবে ধরা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ভোটার সংখ্যা, থানা থেকে দূরত্ব, রাজনৈতিক প্রভাব, দুর্গম এলাকা ও চরাঞ্চলের অবস্থানসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে ঝুঁকি নির্ধারণ করা হয়েছে। এসব বিবেচনায় কেন্দ্রগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে— লাল (অতি ঝুঁকিপূর্ণ), হলুদ (ঝুঁকিপূর্ণ) ও সবুজ (সাধারণ)।

নিরাপত্তা জোরদারে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিনজন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুজন এবং সাধারণ কেন্দ্রে একজন করে পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে থাকবে অস্ত্র ও বডি-ওন ক্যামেরা। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালনের জন্য নিয়োগ করা হয়েছে। পাশাপাশি মোবাইল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে থাকবেন। বিশেষ করে চরাঞ্চলের নুনেরটেক কেন্দ্রে দু’টি এবং চরকিশোরগঞ্জ-চরহোগলার তিনটি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো: ইমরান আহম্মেদ বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। ’

নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: রায়হান কবির জানান, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবেন। সব মিলিয়ে, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর নজরদারি ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।