টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত মোহাম্মদ পারভেজ হোসেন (১৭) নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পারভেজ হোসেন চকরিয়ার উত্তর হারবাংয়ের চেয়ারম্যানপাড়া এলাকার মরহুম মনজুর আলমের ছেলে।
চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়ার উত্তর হারবাং যাওয়ার পথে আজিজনগর রাস্তার মাথা নামক স্থান থেকে পারভেজকে অপহরণ করে নিয়ে যান অপহরণকারীরা। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
পারভেজের পরিবার থানায় অভিযোগ করলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের অভিযানিক টিম প্রযুক্তির তথ্য-উপাত্তের সহায়তায় কক্সবাজারের রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটাস্থ পাহাড়ি এলাকায় টানা ১৬ ঘণ্টা অভিযান পরিচালনা করে অপহরণের সাথে জড়িত নুরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করতে সক্ষম হয়। নুরুল ইসলাম ছগিরাকাটা এলাকা মরহুম আমির সুলতানের ছেলে বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে অপহরণকারী নুরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকা থেকে ১১ মার্চ রাত সাড়ে ১০টার দিকে পারভেজকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় চকরিয়া থানায় মামলা করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।



