ছিনতাইকারীদের কবলে অজ্ঞান যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, চিকিৎসা শেষে ইয়াছিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইকারীদের কবলে পড়ে অচেতন হয়ে সড়কের পাশে পড়ে থাকা মো: ইয়াছিন (৩০) নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মো: ইয়াছিন শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের মো: আলিফের ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে মোবাইল ফোনে খবর আসে যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় এক ব্যক্তি ছিনতাইকারীদের কবলে পড়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াছিনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীরা তাকে মারধর করে অজ্ঞান করে সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, চিকিৎসা শেষে ইয়াছিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।