সিলেটে কিশোরী ধর্ষণের দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড

২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে ডেকে বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই উপস্থিত নাজিম উদ্দিনের সাথে পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত
ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত |প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই) সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বিশ্বনাথ থানার শাহবাজপুর এলাকার মো: আশিক আলীর ছেলে জয়নাল (২৫) ও কান্দিরগাও এলাকার মো: মঈনুদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে ডেকে বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই উপস্থিত নাজিম উদ্দিনের সাথে পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ধর্ষণের পর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরী তার মোবাইলফোন ব্যবহার করে নিজের মায়ের কাছে ঘটনা জানান।

পরে তার মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং পরদিন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই কিশোরী চার দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এ ঘটনায় ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে আজ আদালত এ রায় দেন।

এ বিষয়ে ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট নূর আহমদ নয়া দিগন্তকে বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সময়ে অপরাধ ও ধর্ষণ বেড়ে যাওয়ায় সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার যে উদ্যোগ গ্রহণ করেছে তারই প্রতিফলন এটি।