চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটাস্থ আবুল খায়ের স্টিল মেল্টিং কারখানায় সংঘবদ্ধ ডাকাতদলের হামলার চেষ্টা হয়েছে। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয় গ্রামবাসী তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা মামলা রুজু হয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে ২০/২৫ জনের একটি ডাকাতদল কারখানার দক্ষিণ পাশ দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।
জানা গেছে, দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা সেখান থেকে সরে গিয়ে রেললাইনের দিকে অবস্থান নেয়। পরে রাত প্রায় ১টার দিকে তারা রেললাইন এলাকা থেকে পাথর নিক্ষেপ করতে করতে কারখানার প্রধান ফটকে দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। ডাকাতরা সিকিউরিটি গেইট ও অফিস কক্ষ লক্ষ্য করে ভাংচুর করে এবং চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে ভেতরে প্রবেশের চেষ্টা করে।
পরিস্থিতি বেগতিক দেখে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় গ্রামবাসীর সহযোগিতা চাইলে আশপাশের এলাকার লোকজন দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। নিরাপত্তাকর্মীদের সাথে একযোগে প্রতিরোধ গড়ে তোলায় ডাকাতদল পালিয়ে যেতে বাধ্য হয়।
এ ঘটনায় কারখানার সিকিউরিটি ইনচার্জ আলাউদ্দিন সীতাকুণ্ড থানায় একটি মামলা রুজু করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে কারখানার নিরাপত্তা রক্ষীদের জখম করে, সিকিউরিটি রুমে প্রবেশ করে যানবাহন ভাংচুর করে এবং ফ্যাক্টরি লক্ষ্য করে রকেট লাঞ্চারজাতীয় অগ্নি নিক্ষেপ করে। এক পর্যায়ে এলাকাবাসী ও নিরাপত্তারক্ষীদের সম্মিলিত প্রতিরোধে তারা পিছু হটে এবং যাওয়ার সময় নিরাপত্তা রক্ষীদের ড্রয়ারে ২০ হাজার টাকাও লুটে নেয়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের আরো কার্যকর পদক্ষেপ প্রয়োজন।



