বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কাজে প্রতিবন্ধকতার অভিযোগ মুশফিকুল ফজল আনসারীর

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি মেক্সিকোতে নিয়োগ, জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং ভোটের আগে দেশে ফিরতে বাধা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ উত্থাপন করেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি মেক্সিকোতে নিয়োগ, জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং ভোটের আগে দেশে ফিরতে বাধা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ উত্থাপন করেন।

পোস্টে মুশফিকুল ফজল আনসারী উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করতে তাকে জাতিসংঘের এক বিদেশি সহকর্মী উৎসাহিত করেন। লাটভিয়ার মিস ব্র্যান্ডস কেহরিসের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়। বিষয়টি তিনি সরকারপ্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করলে তাকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টাও প্রাথমিকভাবে আবেদন করার সম্মতি দেন বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এ ধরনের পদে সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন ও নোট ভারবাল প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র থেকেও সহায়তার আশ্বাস মিলেছিল। তবে নিজ দেশের সমর্থন নিয়েই এগোতে চেয়েছিলেন তিনি। আবেদন পাঠানোর পর পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে `নট টু প্রসিড’ বার্তা পান বলে তিনি জানান। এরপর থেকে তার ফোন ধরেননি বলেও অভিযোগ করেন রাষ্ট্রদূত।

মুশফিকুল ফজল আনসারী আরো বলেন, আবেদন করলেই যে নিয়োগ নিশ্চিত হয় এমন নয়; তবে দেশের ন্যূনতম সমর্থন না পাওয়ায় তিনি হতাশ হয়েছেন। বিষয়টি তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছেও অবহিত করেছিলেন বলে উল্লেখ করেন।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।