জনগণ নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় : ড. হামিদ আজাদ

বাংলাদেশের জনগণ আর কোনো নতুন স্বৈরাচার কিংবা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দেখতে চায় না। জনগণ গণতন্ত্র, ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত দেখতে চায়।

মুহাম্মদ তারেক, মহেশখালী (কক্সবাজার)

Location :

Kutubdia
নির্বাচনী গণসংযোগে ড. হামিদ আজাদ
নির্বাচনী গণসংযোগে ড. হামিদ আজাদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘জনগণ এখন বাংলাদেশে নতুন শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক সমৃদ্ধি দেখতে চায়। বিগত ৫৪ বছরের ব্যর্থতাকে পিছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।’

শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও সন্ধ্যায় মহেশখালীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় কালে এই মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘বাংলাদেশের জনগণ আর কোনো নতুন স্বৈরাচার কিংবা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দেখতে চায় না। জনগণ গণতন্ত্র, ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত দেখতে চায়।’

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নিয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের কণ্ঠরোধ, বিরোধী মত দমন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।’

ড. হামিদ আযাদ আরো বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে।’

তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, ‘জনগণের শক্তিই সকল স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।’

এ সময় জামায়াতের কক্সবাজার জেলার সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, কুতুবদিয়া উপজেলা আমির আ স ম শাহরিয়ার চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, সেক্রেটারি শামসুল আলম ছাত্রনেতা মতিউর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।