সিলেটের লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি (৫৯) হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মামলার প্রধান আসামি জকিগঞ্জের বাসিন্দা সাব্বির আহমেদকে (২১) গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে ২ নম্বর আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভনকে (২০) নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকা থেকে গ্রেফতার করা হয়। একইদিনে অপর আসামি তাহিরুল হককে (২০) তার শ্বশুর বাড়ি লালাগ্রাম থেকে গ্রেফতার করা হয়। এসময় তাহিরুলের কাছ থেকে নিহত শফির ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারের পর সাব্বির ও শোভন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো: আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানান, প্রাথমিক তদন্তে জানা যায় মূলত ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে শফিকে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, নিহত শফি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন। তিনি লন্ডন প্রবাসী ছিলেন। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন। নিখোঁজ হওয়ার তিনদিন পর গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওর বিলপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই বিষয়ে জকিগঞ্জ থানায় দু’দিন পর মামলা করা হয়। ১৮ ফেব্রুয়ারি মামলাটি পুলিশের জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।



