কলাপাড়ায় নকল ড্রিংকোর কারখানা শনাক্ত, মালিককে কারাদণ্ড

পণ্যটির নাম দেয়া হয় ‘ড্রিকোর’, যা তিনি বাজারজাত করে আসছিলেন বলে জানা গেছে।

হুমায়ুন কবীর, কলাপাড়া (পটুয়াখালী)

Location :

Patuakhali
ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবৈধ ও নকল ‘ড্রিংকো জুস’ কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক মাসুদ সিকদারকে (৩৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) দুপুর ১টার সময় এ কারখানা শনাক্ত করে বিপুল পরিমাণ নকল ড্রিংকোর ক্যানসহ এর তৈরি উপাদান উদ্ধার করা হয়।

মাসুদ সিকদার উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের মো: ফারুক সিকদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত মাসুদ সিকদার ‘কালার ফুল’ নামে কোম্পানির নামকরণ করে কারখানা স্থাপন করেন। এতে পণ্যটির নাম দেয়া হয় ‘ড্রিকোর’, যা তিনি বাজারজাত করে আসছিলেন বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাউছার হামিদ। তিনি বলেন, ‘নকল এ কোমল পানীয় মানুষের হার্ট, লিভার, কিনডির জন্য ক্ষতিকর। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।’