বরগুনায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

মাদক বিক্রিতে বাধা দেয়ায় ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই করা হয়। এর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Amtali
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি |নয়া দিগন্ত

বরগুনার আমতলীতে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে কুপিয়ে জখম করে লুটের ঘটনায় মাদককারবারিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ।

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় গাজীপুর-কুকুয়া সড়কের মৃধাবাড়ী স্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কবির হাওলাদার, নাঈম, পারভীন ও কুদ্দুস মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অমিত ও তার ভাই শিমুল এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি, ছিনতাই ও চুরির ঘটনার সাথে জড়িত। তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললেই তারা নানাভাবে হয়রানি করে। মাদক বিক্রিতে বাধা দেয়ায় অমিত ও শিমুলসহ তাদের সহযোগীরা ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে টাকা ছিনতাই করেন। পরে তাকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রাখে। আমরা এ ঘটনার শাস্তি দাবি করছি।

সোহাগের স্ত্রী তানজিলা আক্তার জানান, ১৮ মার্চ অমিত মৃধা ও শিমুল মৃধা মাদক বিক্রি করছিলেন। সোহাগ এতে বাধা দিলে অমিত ও শিমুল ক্ষিপ্ত হয়ে সোহাগকে বেঁধে কুপিয়ে জখম করে। পরে তারা সোহাগকে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে রাখে। এ সময় সোহাগের সাথে থাকা সাড়ে ছয় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।

তিনি বলেন, ‘আমার স্বামী গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার এখনো জ্ঞান ফেরেনি। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, ‘মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’