লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মুক্তা আক্তার (২৭) ও আইরিন নেহা (২০) নামে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই নারী উপজেলার পূর্ব গাওদিয়া গ্রামের বাসিন্দা।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান-উল- ইসলাম নয়াদিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপপরিদর্শক (এসআই) অভিজিৎ পোদ্দার পুলিশের একটি দল নিয়ে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে।
ওসি জানান, অভিযানের সময় ওই দুই নারীকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার দু্ই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



