কুষ্টিয়ায় নদীতে গোসল করতে নেমে এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মুত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া দুই বন্ধুর লাশ উদ্ধারে সহযোগিতাকারী অজ্ঞাত পরিচয় এক যুবকের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ৩টার দিকে হরিপুর গড়ার ব্রীজের পশ্চিম পার্শ্বে নদীতে গোসলে নামেন এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধু সাকিবুল ইসলাম সাবিত (১৬) ও ইফতি রহমান (১৬)। সাকিবুল শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আর ইফতি হরিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইফতি হরিপুরে অবস্থিত দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগের এবার এসএসসি পরিক্ষার্থী ছিল। বুধবার কুষ্টিয়া শহর থেকে শেষ পরীক্ষা জীববিজ্ঞান পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় গড়াই নদীতে গোসল করতে নামে। এর আগে তাদের সাথে থাকা স্কেল ও প্রবেশপত্র ও ফাইল নদীর ধারে রাখে। কিন্তু সাঁতার না জানায় সাথে সাথে তারা পানিতে ডুবে যায়। দূর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাদের ডুবে যাওয়া দেখতে পেয়ে দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন। তিনি একক প্রচেষ্টায় বেশ কয়েক মিনিট পর দুই বন্ধুর নিথর দেহ উদ্ধার করে নদী থেকে উপরে নিয়ে আসেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এলাকাবাসী দুই বন্ধুকে এবং উদ্ধারকারীকে দ্রুত হাসপাতালে নিলে হাসপাতালের চিকিৎসক দুই বন্ধুকে মৃত ঘোষণা করেন এবং উদ্ধারকারী অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আইসিইউ বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা সঙ্কটাপন্ন।
এদিকে এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃত্যুর খবরে তাদের পরিবার ও স্বজনেরা হাসপাতালে পৌঁছান। এ সময় স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবশে ভারী হয়ে উঠে।
হরিপুর গড়াই নদী-সংলগ্ন এলাকার মানুষেরা জানান, ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাদের ঘটনাস্থলে পৌঁছাতে আধা ঘণ্টার বেশি সময় লাগে। এর আগেই তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।



