মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি কোয়েল খামারে রহস্যজনক রোগে একদিনেই প্রায় সাড়ে ছয় হাজার পাখির মৃত্যু হয়েছে। এতে খামারির প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মধ্যচর গ্রামে সরেজমিনে গিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
খামার মালিক সুফিয়ান জানান, শনিবার দুপুর থেকে হঠাৎ করে পাখিগুলো অসুস্থ হয়ে পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই একের পর এক কোয়েল মারা যেতে থাকে। রোববার বিকেল পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার পাখির মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে প্রথমে ব্রয়লার ও লেয়ার মুরগির খামার শুরু করলেও পরে কোয়েল পালনে ঝুঁকেন। কয়েক মাস আগে বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে প্রায় আট হাজার কোয়েল বাচ্চা কিনে খামারটি গড়ে তোলেন। পাখিগুলো ডিম দেয়া শুরু করলে প্রতিদিন ডিম বিক্রি করে তার আয় হতো প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা, যা দিয়ে পরিবারসহ তিনজন শ্রমিকের জীবিকা চলত।
খামার মালিকের দাবি, হঠাৎ অজ্ঞাত রোগে পাখিগুলো ঝিমিয়ে পড়ে এবং দ্রুত মারা যেতে থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। বর্তমানে জীবিত পাখিগুলোর অবস্থাও আশঙ্কাজনক।
খামার ঘুরে দেখা গেছে, ভেতরে মৃত পাখির স্তুপ পড়ে রয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সুফিয়ান বলেন, ‘খামারে প্রায় নয় লাখ টাকা বিনিয়োগ করেছি, যার বেশিরভাগই ঋণ। ডিম বিক্রি করে ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ এমন বিপর্যয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলেক চান সজীব খামারের এই ক্ষতিতে মর্মাহত এবং ক্ষতিগ্রস্ত খামারিকে সহযোগিতা করার দাবি জানান তিনি।
সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।’



