হাতিয়ায় হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, দুই পুলিশ সদস্য আহত

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি মিরাজ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের মরহুম নাছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)
আহত পুলিশ সদস্য
আহত পুলিশ সদস্য |নয়া দিগন্ত

নোয়াখালী হাতিয়ায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

সোমবার (৯ জুন) সকালে এ ঘটনায় ইয়াসিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় মামলা করেছে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, রোববার রাতে একটি নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো: মিরাজ উদ্দিনকে আটক করতে অভিযান করে জাহাজমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা। তারা নতুন সূখচর বাজার গিয়ে আসামিকে আটক করে হ্যান্ডকাফ লাগিয়ে থানায় ফিরছিলেন।

এ সময় মো: ইয়াছিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল এসে পুলিশের উপর আক্রমণ করে। একপর্যায়ে তারা হ্যান্ডকাফসহ আসামি মিরাজকে ছিনিয়ে নিয়ে যায়।

ওই সময় অভিযুক্তদের ইটের আঘাতে আহত হয় এ এস আই অভিজিত বড়ুয়া, পুলিশ সদস্য সুজন কান্তি নাথ। পরে জাহাজমারা ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি মিরাজ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের মরহুম নাছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা হাতিয়াতে বিরল। কঠিনভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তারা আসামি ছিনিয়ে নেয়ার পাশাপাশি পুলিশের উপর আক্রমণ করেছে। এ ঘটনায় মামলা হয়েছে । মামলার আসামিদের দ্রুততম সময়ে আটকের ব্যবস্থা করা হবে।