কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শতাধিক রোগীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের পক্ষ থেকে উপজেলা বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের সহযোগিতায় এসব খাবার বিতরণ করে উপজেলা মহিলা দল ও শ্রমিক দল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান। ত্রাণবিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, সদস্য মনি বেগম। হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষ্যে এসব খাবার বিতরণ করা হয়েছে। এর আগে আমরা পৌর শহরের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে আম ও কাঁঠাল বিতরণ করেছি। আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
কলাপাড়া মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি বলেন, ‘হাসপাতালে অনেক অসহায় রোগী আছেন যারা ভালো খাবার কিনে খেতে পারেন না। এসব মানুষের কথা চিন্তা করে এ বি এম মোশাররফ হোসেনের পক্ষ থেকে আমরা সাধারণ রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করেছি। আমাদের ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে।’



