রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম গ্রেফতার

গত মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজন খানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে তার বসতঘর থেকে গ্রেফতার করে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
গ্রেফতার হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজন খানেক মামলার আসামি শামীম মিয়া
গ্রেফতার হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজন খানেক মামলার আসামি শামীম মিয়া |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশকে ঘেরাও করে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজন খানেক মামলার আসামি শামীম মিয়াকে (৪২) তার ছয় সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার বার্মিজ মার্কেট এলাকা থেকে র‌্যাব-১৫-এর সদস্যরা তাদের গ্রেফতার করেন। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার সহযোগীরা হলেন— চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মানিক ঢালি (৩৪), আব্দুলি করিম (৩৫), আবুল হোসেন (৪২), খালিদ হাসান (৩০), রুবেল হাসান (৩২) ও মাসুদ মিয়া (৩৪)।

পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়ার পর থেকে কক্সবাজারে আত্মগোপনে ছিলেন তারা। এর আগে, বুধবার (৬ মে) ঘটনার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। তবে, এখনো উদ্ধার করা যায়নি লুট হওয়া পুলিশের ব্যবহৃত দু’টি মোবাইলফোন।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গত মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এ সময় হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজন খানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে তার বসতঘর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের তথ্য মূহূর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়ে।

পরে শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা মিছিল করে রাম দা, লোহার রড, ছোরা, লাঠি-সোঁটাসহ দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ করে ফেলে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর চড়াও হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে। পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। পুলিশ সদস্যদের সাথে তারা হাতাহাতি করে।

এ সময় শামীম মিয়ার অনুসারী ও দৃর্বৃত্তরা সঙ্ঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দু’টি মোবাইলফোনসহ গ্রেফতার শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আতঙ্কে পুরো চনপাড়া পুনর্বাসন কেন্দ্র পুরুষ শূন্য হয়ে পড়ে।

পুলিশের অভিযানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকাজুড়ে এখনো বিরাজ করছে থমথমে পরিবেশ। রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এ ঘটনায় জড়িতদের পাশাপাশি অন্যরাও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এদিকে পেশিশক্তি প্রদর্শন-পূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে গত ৫ মে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) এ আদেশ দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের গৃহবধূ খাদিজা আক্তার বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় সব সময় ভয়ে রয়েছি। এখনো আতঙ্ক কাটেনি। পুলিশের গ্রেফতারের ভয়ে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে ১২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। চনপাড়ায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।